নারায়ণগঞ্জে বিএনপির ৩৭ নেতা-কর্মী কারাগারে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫২
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নাশকতার দুটি মামলায় বিএনপির ৩৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে তারা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আদালতে আত্মসমর্পন করলে তাদের জেল হাজতে পাঠানোর  নির্দেশ দেন তিনি।
 
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, গত বছরের ৫ জানুয়ারি সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সোনারগাঁও থানার এসআই নাসির উদ্দিনের দায়ের করা মামলায় একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
 
অপরদিকে গত বছরের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনারগাঁও নয়াপুর বাজারের কাছে এশিয়ান হাইওয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে নাশকতার অভিযোগে সোনারগাঁও থানার এএসআই মোহাম্মদ আলাউদ্দিনের মামলায় ওই বছরের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।