নিউজিল্যান্ড উপকূলে পর্যটকবাহী জাহাজে আগুন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২০:১৮
নিউজিল্যান্ড উপকূলের কাছাকাছি একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পর্যটকবাহী জাহাজটি থেকে ৫৭ জন যাত্রী ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
হোয়াইট আইল্যান্ডের একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে ফিরে আসার সময় জাহাজটিতে আগুন ধরে যায়। বন্দরের প্রায় এক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা বের হতে দেখা। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
 
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘জাহাজে আগুন দেখে যাত্রী ও ক্রুরা বাধ্য হয়ে পানিতে লাফ দেয়।’
 
পরে কোস্টগার্ডের একটি নৌযান ও স্থানীয় কয়েকটি নৌকার সাহায্যে পানি থেকে যাত্রী ও ক্রুদেরকে উদ্ধার করা হয়। পানিতে লাফিয়ে পড়া সকলের উদ্ধার নিশ্চিত করতে পানির উপর হেলিকপ্টার চক্কর দেয়। সূত্র: এএফপি