ব্যর্থতার দায় কাঁধে নিলেন মারুফুল

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:২১
 
বঙ্গবন্ধু গোল্ড কাপে মামুনুলদের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন মারুফুল হক। বাংলাদেশ কোচের মনে হয়েছে, তার কোচিংয়ে কোথাও হয়ত ভুল ছিল বলেই ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারছে না দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
 
ম্যাচ শেষে মারুফুল বলেন, ‘আসলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর ছেলেরা মানসিকভাবে ডাউন ছিল। আমি তাদের অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি। কাজও হচ্ছিল। কিন্তু চোটের কারণে আমি আজ সেরা টিম খেলাতে পারিনি। তবে এক কথায় ব্যর্থতা আমারই। দায়টা আমি নিচ্ছি।’
 
তিনি বলেন, ‘প্লেয়াররা চেষ্টা করছে। কিন্তু পারছে না। হয়ত আমার কোথাও ভুল ছিল।’