‘পুলিশসুলভ’ ছিল না এসআই মাসুদের আচরণ:স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ০১:০৯

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের আচরণ ‘পুলিশসুলভ’ ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সোমবার দুপুরে ব্যাংক কর্মী গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশের ওপর পুলিশের নির্যাতনের বিষয় নিয়ে তিনি কথা বলেন।  

 
সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতো বড় পুলিশ বাহিনীতে ২-১টি ঘটনা ঘটেই যায়। কিন্তু সেজন্য তো কাউকে ছাড় দেয়া হচ্ছে না। পুলিশ হোক বা সচিবালয়ের কর্মকর্তা হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কোনো ঘটনার বিভাগীয় এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সামপ্রতিক পুলিশি হয়রানির ২টি ঘটনার উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কর্মকর্তা রাব্বীর সঙ্গে এসআই মাসুদ ‘পুলিশসুলভ’ আচরণ করেনি। প্রাথমিক তদন্তে মাসুদের পুলিশসুলভ আচরণ প্রতীয়মান হয়নি বলে তাকে বরখাস্ত করা হয়েছে। আরও তদন্তের জন্য আইজিপি নির্দেশ দিয়েছেন। সেই তদন্তের পর মাসুদ এবং যাত্রাবাড়ী থানার এসআই আকাশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
 
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশের সিভিল বা সাদা পোশাকে কোনো টিম থাকবে না বলে নির্দেশনা রয়েছে। সেই সাদা পোশাকে থাকা পুলিশের হাতেই ডিএসসিসি কর্মকর্তা বিকাশ নির্যাতিত হন। এ বিষয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে গাইডলাইন দেয়া হয় আর ইমপ্লিমেন্ট করে পুলিশ প্রশাসন। তবে সাদা পোশাকে অনেক সময় কৌশলগত কারণে ডিউটি দেয়। কিন্তু পুলিশ, ডিবি বা র্যাবের কটি ও জ্যাকেট থাকে। ডিউটির সময় পুলিশের কটি বা জ্যাকেট থাকতে হবে। মন্ত্রণালয়ের এমন নির্দেশনাও রয়েছে।