নতুন বেতন কাঠামো অনুযায়ী কিভাবে এমপিওর আর্থিক সুবিধা দেয়া হবে আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ইয়াদ আলী খান বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্বয়ংক্রিয়ভাবে নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয়ে এলেও এবার নানা শর্তের বেড়াজালে আবদ্ধ করে নতুন স্কেলে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হয়েছে। যা দেশের সমগ্র বেসরকারি শিক্ষকদের নতুন বেতন স্কেল থেকে বঞ্চিত করার অপপ্রয়াস বলে সমিতি মনে করে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের আদেশে এমপিওকে ‘বেতনভাতা বাবদ সরকারি অংশ’ না বলে মীমাংসিত বিষয়কে বিতর্কিত করা হয়েছে, এটা শিক্ষক সমাজের জন্য অপমানজনক। এসময় তিনি মন্ত্রণালয়ের আদেশে উল্লিখিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা’ এবং ‘অনুদান-সহায়তার’ বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য মিজানুর রহমান প্রমুখ।
