৫ খুনের মামলা: গ্রেফতার নাজমা ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৪৫
নারায়ণগঞ্জের পাঁচ খুনের মামলায় অন্যতম আসামি নাজমাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শরীয়তপুর দামরুদা এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে।
 
মঙ্গলবার পুলিশ নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাজমাকে হাজির করে সাতদিনের রিমান্ড চাইলে বিচারক আশেক ইমাম তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় বাদীর ভাগ্নে মাহফুজকে আটক করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, সোমবার মধ্যরাতে শরীয়তপুরের দামুরদা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
জানা গেছে, এ ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করে পুলিশ। এছাড়া নিহত তাসলিমা ও মোরশেদুলের খালাতো ভাই দেলোয়ার হোসেন ও শাহাদাতকেও আটক করে পুলিশ। সোমবার মাহফুজকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রবিবার সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকা কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। রবিবার রাতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন পুলিশ সুপার।
 
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, ‘নারায়ণগঞ্জে পাঁচ হত্যাকাণ্ডের মামলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাদের কাছে হত্যাকাণ্ডের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ ও ক্লু রয়েছে। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এসব হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।’
 
উল্লেখ্য, শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামে একটি বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃংশসভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)।