ইত্তেফাক রিপোর্ট
২০১০ সালের পরে নিয়োগ পাওয়া ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের তালিকা পাঠাতে অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ তালিকা পাঠাতে হবে অধিদপ্তরে। এসব শিক্ষককে এমপিওভুক্তির লক্ষ্যেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে অধিদপ্তরের মতামত চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে এসব শিক্ষকের তালিকা চেয়েছে শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার শিক্ষা অধিদপ্তর থেকে ডিগ্রি কলেজগুলোর অধ্যক্ষদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
তথ্য অনুযায়ী, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারির পরে ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়ের বিপরীতে নিয়োগ পাওয়া এমপিওবিহীন শিক্ষকদের নাম তালিকাভুক্ত করতে হবে।
গত ৪ মার্চ ২০১০ সালের পর নিয়োগ পাওয়া ডিগ্রি পর্যায়ের তৃতীয় শিক্ষকদের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানিয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়।
২০১০ সালের পরে নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষকরা বলছেন, আমরা বিধি মোতাবেক নিয়োগ পেয়েও এমপিও বঞ্চিত হচ্ছি। প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার আর্থিক সুবিধাও দেওয়া হয় না। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ডিগ্রি (তৃতীয়) শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
