রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃষ্টি আক্তারের (২৪) বাড়ি বরিশালে। নয় মাস আগে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শেওড়াপাড়ার একটি ভবনের সাততলার এক ফ্ল্যাটের তালা ভেঙে খাটের নিচ থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় বৃষ্টির স্বামী সোহাগের কোনো খোঁজ-খবর পায়নি পুলিশ। সোহাগ গুলশানের একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, এক বছর আগে সোহাগের সঙ্গে বৃষ্টির বিয়ে হয়। নয় মাস আগে তারা শ্যাওড়াপাড়ার এই বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত শনিবারের পর থেকে স্বজনরা তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন। মঙ্গলবার তাদের খোঁজে এসে ওই ফ্ল্যাটের তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। তালা ভেঙে খাটের নিচ থেকে বৃষ্টির মৃতদেহ উদ্ধার করা হলেও তার স্বামী সোহাগের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি বলেন, বৃষ্টিকে হত্যার পর তার স্বামী পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মৃতদেহ অর্ধ-গলিত হওয়ায় তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
