ব্যাংকার রাব্বীকে নির্যাতনের মামলা নেয়নি পুলিশ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ০০:০২
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। পুলিশ বলছে, হাইকোর্টের আদেশের সত্যায়িত কপি পেলেই মামলা নেয়া হবে, তার আগে নয়। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে রাব্বীর আইনজীবীরা মোহাম্মাদপুর থানায় মামলা করতে গেলে পুলিশ একথা বলে।
 
গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত এসআই মাসুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। রাব্বীর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান, এ্যাডভোকেট জুলফিকার আলী ও ‘রেডিও ধ্বনির’ জাহিদ হাসান মামলা করতে থানায় যান। জাহিদ হাসান বলেন, রাব্বীকে নির্যাতনের বিষয়ে গত ১০ জানুয়ারি পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বরাবর লিখিত অভিযোগ করা হয়। হাইকোর্টের আদেশে বলা হয়েছে, লিখিত ওই অভিযোগটিই মামলা হিসেবে নথিভুক্ত করতে হবে। আমরা হাইকোর্টের আদেশের আইনজীবীর সার্টিফায়েড কপি নিয়ে গিয়েছিলাম। কিন্তু মোহাম্মদপুর থানার ওসি আমাদের জানিয়েছেন, আদেশের সত্যায়িত কপি হাতে পেলে মামলা নেয়া হবে। যদিও মৌখিকভাবে বিষয়টি তিনি জেনেছেন বলে জানিয়েছেন।
 
জাহিদ হাসান বলেন, এখন আমরা হাইকোর্টের আদেশের অফিসিয়াল কপি থানায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবো। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, হাইকোর্টের আদেশ এসে পৌঁছালেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে মধ্যরাতে আটকে নির্যাতনের অভিযোগ ওঠে। এসআই মাসুদ মোহাম্মদপুরের আসাদ গেটের কাছে রাব্বীকে আটক করেন এবং থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে ‘ইয়াবা ব্যবসায়ী’ বানানোর ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এসআই মাসুদকে প্রথমে প্রত্যাহার, পরে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিও ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে।