নিউইয়র্কে বাংলাদেশির ওপর হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:২৮
 
আইএস আখ্যায়িত করে বাংলাদেশি মুজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন তারা।
 
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কের পার্কচেস্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
 
বাংলাদেশি আমেরিকান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার আয়োজনে মূলধারার যেসব নেতা এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তারা হলেন-ব্রঙ্কম বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, সিনেটর রুবিন ডিয়াজ, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস, অ্যাসেম্বলিম্যান মার্ক ক্রিস্টো প্রমুখ।
 
বাংলাদেশ কমুনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএসিসির প্রেসিডেন্ট আইনজীবী এন মজুমদার, সাধারণ সমপাদক নজরুল হক, বিবিএর সভাপতি এম ইসলাম মামুন, দক্ষিণ সুরমা সমিতির সভাপতি খলিলুর রহমান, মৌলভীবাজারের রউফ তফাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রব, মোহাম্মদ আহসান, পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, হামলার শিকার মজিবুর রহমান প্রমুখ।
 
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পিএস ১২৫ স্কুলে ভাতিজিকে আনার জন্য গেলে দাড়ি, পাঞ্জাবি ও টুপি পরা মজিবরের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালায়।