বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষা চেতনাকে শাণিত করে, বিবেককে জাগ্রত করে, শিক্ষা মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার দুয়ার খুলে দেয়, তাই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই।
বুধবার সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
গভর্নিং বডির সদস্য গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বক্তব্য রাখেন।
রাশেদ খান মেনন বলেন, পরিপূর্ণ শিক্ষা অর্জনে সুস্থ দেহ ও প্রসন্ন মন অত্যাবশ্যক। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য ও সতেজ মনের অধিকারী হওয়া যায়। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের পরিশ্রমী, অধ্যবসয়ী, শৃংখলাবোধ, নীতি-নৈতিকতা ও প্রতিযোগিতা পরায়ন করে তোলে যা তাকে গড়ে উঠতে সহায়তা করে।
