ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৫ সদস্যের নির্বাহী কমিটির সহ-সভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক পদ বাদে বাকি ২৩ পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী পরিষদের প্যানেল। ডাকসুর ইতিহাসে এই প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বেশিরভাগ পদে বিজয়ী হয়েছে।
নির্বাচনে ছাত্রলীগ সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হকের কাছে পরাজিত হয়েছেন। বিজয়ী নুরুল হক পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট এবং শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। জিএস পদে ছাত্রলীগ সমর্থিত প্যানেল থেকে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম রাব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। গত সোমবার রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ফলাফল ঘোষণা করেন। এর বাইরে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
অন্যান্য পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক সম্পাদক পদে সাদ বিন কাদের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান ও সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেন নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন যোশীয় সাংমা, তানভীর হাসান সৈকত, নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম ঐতিহ্য, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভিন, নিপু ইসলাম তন্বী, তিলোত্তমা শিকদার, সবুজ তালুকদার, সাইফুল ইসলাম রাসেল ও মাহমুদুল হাসান বিজয়ী হয়েছেন।
