ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বৃহস্পতিবার সকাল নয়টায় তার অস্ত্রোপচার শুরু হয়।
স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে অধ্যাপক ধীমান চৌধুরীসহ বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল সকাল সাড়ে নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত- ছয় ঘণ্টার অস্ত্রোপচারে অংশ নেন।
অস্ত্রোপচার শেষে চিকিত্সক কনক কান্তি বলেন, ‘আমরা আশাবাদী। এখনও তার জ্ঞান ফিরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থ এই সাংবাদিকের স্ত্রী তাহমিনা মাহমুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন । ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন বিএফইউজের আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি আলতাফ মাহমুদ ।
