দুই দিন বৃষ্টির পেটে তলিয়ে গেলেও ম্যাচটা জিততে মরিয়া ছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে স্বাগতিকদের চেষ্টা বিফলে যায়নি। মাত্র আড়াই দিনেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে কেন উইলিয়ামসনের দল। ব্যাটিং, বোলিংয়ে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। গতকাল বেসিন রিজার্ভে ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। হ্যামিল্টনে প্রথম টেস্টেও ইনিংস ও ৫২ রানে হেরেছিল সফরকারীরা। টেস্ট ক্রিকেটে ১১৪তম ম্যাচে ৮৫তম হার বরণ করলো বাংলাদেশ। ইনিংস হারের তালিকায় এটি ৪০তম। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ ম্যাচের সাতটিতেই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ।
গতকাল ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল ম্যাচ বাঁচানোর। আর ইনিংস হার এড়াতে দরকার ছিল ১৪১ রান। কিন্তু ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। গতকাল দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এদিন শেষ সাত উইকেটে ১২৯ রান যোগ করতে সমর্থ হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের ডাবল সেঞ্চুরিয়ান রস টেইলর ম্যাচ সেরা হন।
গতকাল দিনের দশম ওভারে বিচ্ছিন্ন হয় মিঠুন- সৌম্যর জুটি। ৫৭ রানের জুটিটা ভাঙে বোল্টের বলে সৌম্য আউট হলে। তিনি ২৮ রান করেন। পরে ওয়াগনারের আঘাতে ফিরেন মিঠুন, লিটন দাস (১), তাইজুল (০)। মিঠুন ৪৭ রান করেছিলেন। ১৭০ রানে সাত উইকেট পতনের পর অষ্টম উইকেটে মুস্তাফিজের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। দলীয় ২০৩ রানে মুস্তাফিজ বোল্ড হন ১৬ রান করে। ৫৬তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও এবাদতকে ফিরিয়ে ম্যাচটা শেষ করে দেন ওয়াগনার। মাহমুদউল্লাহ ৬৭ রান করেন। ওয়াগনার পাঁঁচটি, বোল্ট চারটি, হেনরি একটি করে উইকেট নেন।
