রাশিয়ার সাবেক গোয়েন্দা আলেকজান্ডার লিতভিনেনকোকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'সম্ভবত' নিজেই হত্যার নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই সহকর্মীকে ব্যক্তিগত কারণে রুশ প্রেসিডেন্ট তেজস্ক্রিয় বিষ দিয়ে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে।
পোলনিয়াম-২১০ এর বিষক্রিয়ায় ২০০৬ সালে ব্রিটেনে মারা যান আলেকজান্ডার লিতভিনেনকো। এই হত্যাকাণ্ডে সরাসরি রাষ্ট্র যুক্ত হওয়াকে 'অত্যন্ত উদ্বেগজনক' বলে মন্তব্য করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব থেরেসা মে। তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে লিতভিনেনকোর স্ত্রী। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তদন্ত প্রতিবেদনকে 'অস্বচ্ছ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছে।
৪৩ বছর বয়সী লিতভিনেনকো তেজস্ক্রিয় পদার্থ মেশানো এক কাপ চা খেয়ে অসুস্থ হয়ে মারা যান। তিনি একজন সাবেক রুশ গোয়েন্দা ছিলেন। দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে এসে ক্রেমলিনের কড়া সমালোচনা শুরু করেছিলেন তিনি। সূত্র: বিবিসি
