প্রকৌশলীর হাতে হাতকড়া

বাহুবলের ইউএনওকে হাইকোর্টে তলব

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৩৫

এক প্রকৌশলীকে হাতকড়া পরানোর ঘটনায় হবিগঞ্জের বাহুবলের ইউএনও জসীমউদ্দিনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৬ এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া প্রকৌশলীর হাতকড়া পরানো ও গ্রেফতার কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

‘বাহুবল উপজেলা প্রকৌশলীকে হাতকড়া পরানো’ ‘ইউএনওর বিরুদ্ধে অভিযোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে’- শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মচারী আইন ২০১৮ এর ৪১(১) ধারা অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার পূর্বে কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতারের কোনো বিধান নেই বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দার। অথচ আইন অমান্য করে উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে হতকড়া পরিয়েছিলেন ইউএনও জসীমউদ্দিন। ইউএনওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট গতকাল তলব আদেশ জারি করেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।