‘চাঁদাবাজ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা’

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৯:৫৯
‘ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে এবং এর সত্যতা মিললে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ছাত্রলীগ নামধারী যেসব শিবির-ছাত্রদল নেতাকর্মী রয়েছে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বৃহস্পতিবার বেলা একটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ ঘোষণা দেন।
 
তিনি বলেন, ‘ডাইনিং-ক্যান্টিনসহ চায়ের দোকানে যেসব নামধারী ছাত্রলীগ নেতা-কর্মীদের বাকি রয়েছে তা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আর যারা বকেয়া রেখে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। যদি তারা তা পরিশোধ না করেন সেক্ষেত্রে আমি ও সাধারণ সম্পাদক মিলে পরিশোধের ব্যবস্থা করবো।’
এ সময় তিনি রাবি ছাত্রলীগের শুদ্ধি অভিযানের উদ্দেশ্যে মনিটরিং টিম গঠন করা হবে বলে জানান।
 
এতে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হাসান, শরিফুল ইসলাম সাদ্দাম ও টগর মো. সালেহসহ বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।