খুলনায় অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, যিনি হত্যাসহ নানা অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এরশাদ শিকদারের দেহরক্ষী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা থেকে শামসুল আলমকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম জানান।
২০০৪ সালে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরের বছর অস্ত্র মামলায় শামসুলের ১৭ বছরের কারাদণ্ড হয়। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ কর্মকর্তা মাহবুব জানান।
খুলনার এরশাদ শিকদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তার অনুগত না হলে বরফ কলে নিয়ে হত্যা করা ছাড়াও গাড়িসহ নদীতে ফেলে একাধিক হত্যার রোমহর্ষক ঘটনা দুই যুগ আগে বাংলাদেশে আলোড়ন তুলেছিল। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০০৪ সালে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাকে। তার বিরুদ্ধে অর্ধশত হত্যার অভিযোগ ছিল।
