কল্যাণপুরে বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০০:১৯
ঢাকার মিরপুরের কল্যাণপুরে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে বস্তিবাসীকে কোনো ধরনের গ্রেফতার ও হয়রানি না করতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
 
এরআগে গতকাল সকালে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বস্তি উচ্ছেদে যান। উচ্ছেদ শুরু হলে প্রায় দেড় ঘন্টা পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে বস্তিবাসীদের। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুরো বস্তি ও আশপাশের এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। বস্তির লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এসময় খোলা যায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষেভ করে বস্তিবাসী। আদালতের নির্দেশের পর দুপুরে উচ্ছেদ অভিযান স্থগিত ঘোষণা করে।
 
বস্তি কমিউনিটির সাধারণ সম্পাদক হান্নান আকন্দ বলেন, এই বস্তির বাসিন্দা ২০ হাজার। তাদের আবাসনের ব্যবস্থা না করে বা চলে যাওয়ার যথেষ্ট সময় না দিয়ে উচ্ছেদ শুরু করে কর্তৃপক্ষ। মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানান, উচ্ছেদে বস্তিবাসী বাধা দিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
 
গত ১০ জানুয়ারি সংশি­ষ্ট মন্ত্রণালয় ওই বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় বলে জানান রিট আবেদনকারীর আইনজীবীরা। আবেদনের ওপর শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার ও অ্যাডভোকেট অবন্তী নুরুল। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে আইনজীবী একেএম আসিফুল  হক শুনানি করেন।