মিরপুরে ককটেল বিস্ফোরণে কারখানার দুই কর্মী আহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০৯:০২
দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে একটি কারখানার নিরাপত্তাকর্মীসহ দু’ব্যক্তি আহত হয়েছেন। 
 
আহতরা হলেন- নিরাপত্তাকর্মী আলী আজগর ও স্টোরকিপার মহব্বত আলী হারেছ। দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা জানান, শিয়ালবাড়ী মোড় এলাকার এক নম্বর সড়কের ছয় নম্বর ভবনে লেটেস্ট ওয়াশিং ফ্যাক্টরিতে তারা কাজ করেন। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কারখানার বাইরে থেকে  দুটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে আজগরের বুকের বাম পাশ ও হাত এবং হারেছের বুকের ডান পাশ ও হাতে লাগে। সহকর্মী বাতেন ও জালাল উদ্দিন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টা ২০ মিনিটে তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়।
 
রূপনগর থানার ওসি রেজাউল হাসান জানান, ককটেল হামলার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে কারখানার জায়গা নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে। ওই জমির মালিক ছিলেন সাদিক হায়দার। তবে কারখানার মালিক মনির জমির একাংশ কিনেছেন। অপর অংশের মালিক জামাল মাস্টার পুরো জমি দখলে নিতে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।