বার্সেলোনা স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেলেও আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফিরতি লেগ নিয়ে সতীর্থদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। এই ব্রাজিলিয়ান তারকা ও মুনির এল হাদ্দাদির গোলে গত বুধবার বিলবাওয়ের মাঠে কোপা ডেল রে’র প্রথম পর্বের খেলায় বার্সেলোনা ২-১ গোলের জয় নিয়ে ফেরে। ফিরতি লড়াই অনুষ্ঠিত হবে আগামী বুধবার। এটি হবে ন্যু ক্যাম্পে।
এ জয়ে বার্সেলোনা সেমিফাইনালের পথেই থাকলো। মুনির এল হাদ্দাদির গোলটির পর দলের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল তারকা নেইমার। খেলার শেষদিকে ব্যবধান কমানো গুরুত্বপূর্ণ গোলটি করেন আরিটজ আদুরিস। চোটের কারণে বিলবাওয়ের বিপক্ষে বুধবারের খেলাটিতে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি ও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আরেক তারকা ফরোয়ার্ড লুই সুয়ারেজ।
সঙ্গত কারণেই নেইমারের কাঁধে বর্তায় আক্রমণের মূল দায়িত্ব। ব্রাজিল অধিনায়কও দায়িত্বটি সামলেছেন ঠিকঠাক মতো। বার্সেলোনাও গোল দুটি পায় প্রথমার্ধে। এনরিকে প্রথমার্ধের খেলায় সন্তুষ্টি প্রকাশ করলেও বিরতির পরের অংশ নিয়ে ততোটা খুশি হননি। তিনি অবশ্য মেসির পরিবর্তে সুযোগ পাওয়া মুনিরের গোল পাওয়ার ঘটনার প্রশংসা করেছেন।
কাতালান ক্লাবটির কোচ বলেন, ‘এটা কঠিন এক খেলা ছিল। আমরা দ্বিতীয়ার্ধে ধার হারিয়ে ফেলি। তারপরও আমরা আনন্দে বাড়ি যাচ্ছি। তবে আগামী বুধবারের খেলাটি আকর্ষণীয় হবে।’
নেইমার অবশ্য খেলাটির পর সতীর্থদের সতর্ক করে দেন। তিনি বলেন, ‘গোলটি (অ্যাথলেটিকোর গোল) লড়াইটা জটিল করে দিতে পারে। কিন্তু আমাদের দারুণ একটি ম্যাচ গেছে। এখন আমাদের ফিরতি লেগ জিততে হবে। ম্যাচের ফল নির্ধারণ করে দেয়ার মতো খেলোয়াড় নিয়ে তারা একটি ভালো দল। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’ অবশ্য বার্সেলোনার মাঠে বিলবাওয়ের রেকর্ড ভালো নয়। সর্বশেষ গত রবিবার ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলে পরাজিত করে বার্সেলোনা।
