যে দেশের নির্বাচনে ১০০% ভোট পড়ে

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৩৮

বিভিন্ন দেশের নির্বাচনের পর সেদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির বিভিন্ন রকম হার প্রকাশ করা হয়। কোথাও ৫০, কোথাও ৭০, কোথাও বা ৮০ শতাংশ ভোট পড়ার কথা শোনা যায়। তবে ভোট পড়ার হার যত বেশি হয়, সন্দেহবাদীদের মনে সেই নির্বাচন নিয়ে সন্দেহ তত বাড়ে। কিন্তু পৃথিবীতে একটি দেশ আছে যেখানে ১০০% ভোট পড়ে।

দেশটির নাম উত্তর কোরিয়া। সেদেশের নির্বাচনে ভোটপ্রদান বাধ্যতামূলক। আপনি যেই হোন না কেন, ভোটের দিন ঘরে বসে থাকার সুযোগ নেই। যেতেই হবে ভোটকেন্দ্রে। সেখানে বিরোধী দল বলে কিছু নেই। তাই সরকার যে জোট তৈরি করবে সেই জোটের প্রার্থীকেই চোখ বুঁজে ভোট দিতে হবে। শাসক পরিবার এবং ক্ষমতাসীন নেতার প্রতি শতভাগ আনুগত্য দেখানো প্রত্যেক নাগরিকের জন্য সেখানে বাধ্যতামূলক।

যেভাবে ভোট হয়:নির্বাচনের দিন ১৭ বছর বয়সের ওপর সব নাগরিককে ভোট দিতে হয়। উত্তর কোরীয় বিষয়ক বিশেষজ্ঞ ফিয়োদর টার্টিস্কি বিবিসিকে জানান, নেতার প্রতি আনুগত্যের প্রমাণ হিসেবে খুব ভোরে নির্বাচন কেন্দ্রে হাজির হতে হয়। সবাই একসাথে হাজির হওয়ায় লম্বা লাইন পড়ে। সেই লাইনে দীর্ঘসময় দাঁড়িয়ে ভোট দিতে হয়। লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করাকেও নেতার প্রতি ‘ভালোবাসা’ হিসেবে গণ্য করা হয়। ভোটকেন্দ্রে ঢোকার পর হাতে একটি ব্যালট পেপার দেয়া হবে। তবে অন্যান্য নির্বাচনের ব্যালট যেমন এটি তেমন হয় না। এই ব্যালট পেপারে একটাই নাম থাকে, তিনি সরকারদলীয় প্রার্থী। ব্যালটে সিল মারার দরকার নেই। সেটি ভাঁজ করে বাক্সে ঢুকিয়ে দিলেই ভোট হয়ে গেল। ভোটের বাক্সটিও প্রকাশ্যে খোলা অবস্থায় রাখা হয়। কারণ, নেতাকে ভোট দেয়ার মধ্যে কোনো গোপনীয়তার কিছু নেই বলে ধরে নেয়া হয়।

ভোট দেয়া শেষ হয়ে গেলে ভোটাররা নির্বাচন কেন্দ্রের বাইরে যাবেন এবং সেখানে উপস্থিত অন্যান্য ভোটারদের সঙ্গে মিলে এমনভাবে আনন্দ প্রকাশ করবেন যেন নেতাকে ভোট দিতে পেরে আপনি ভীষণ খুশি।

গত রবিবার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে দেশটির বর্তমান নেতা কিম জং উন আবার নির্বাচিত হয়েছেন। তার  ক্ষমতা গ্রহণের পর সে দেশে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচন হলো।