দিন দিন গ্রাহকপ্রিয়তা বাড়ছে স্মার্টফোন ও ট্যাবের। এতে ব্যবহারকারী কমছে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের। এই অবস্থায় ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বাজারকে চাঙ্গা করতে কাজ করে যাচ্ছে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এবার শামিল হয়েছে এইচপি। প্রতিষ্ঠানটি ‘এইচপি স্প্রআউট প্রো’ নামের একটি ‘অল ইন ওয়ান’ কম্পিউটার এনেছে। এতে রয়েছে থ্রিডি ক্যামেরা ও প্রজেক্টর সুবিধা। সূত্র- পিসি ম্যাগাজিন ও ডিজিটাল আর্টস।
কম্পিউটারটি ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এইচপি কর্তৃপক্ষ।
কম্পিউটারটির সাহায্যে থ্রিডি ক্যামেরা ব্যবহার করে যে কোনো কিছু স্ক্যান করে তা থ্রিডি প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যাবে। এতে থাকা প্রজেক্টরটির উল্লেখ্যযোগ্য সুবিধা হলো তা টেবিলের উপর আলাদা ভার্চুয়াল ডিসপ্লে তৈরি করবে।
এ সুবিধার ফলে শিক্ষার্থীরা অনায়াসে এ ডিসপ্লে ব্যবহার করে পড়তে পারবেন যে কোনো ইবুক। ফটোশপ বা অটোকেডও ব্যবহার করতে পারবেন।
পিসিটিতে রয়েছে কোর আই সেভেন-৬৭০০ প্রসেসর ও ১৬ গিগাবাইট ডিডিআর৪ র্যাম। উন্নত গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে এনভিডিয়া জিফোরস জিটি৯৪৫এ এক গিগাবাইট জিডিডিআর৫ গ্রাফিক্স কার্ড।
ডেস্কটপটিতে হার্ডওয়্যার কাস্টমাইজ করার সুবিধা নেই। তবে বাজারে থাকা অল ইন ওয়ান কম্পিউটারের তুলনায় এটির কনফিগারেশন বেশ ভালো ও গ্রাহকদের হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হবে না বলে মনে করে এইচপি।
আগামী মাস থেকে এটি বাজারে পাওয়া যাবে। মূল্য ধরা হয়েছে ২ হাজার ১৯৯ মার্কিন ডলার। তুলনামূলকভাবে দাম বেশি মনে হলেও কনফিগারেশন বা ফিচারের দিক দিয়ে বেশ চমৎকার এটি, মন্তব্য বিশ্লেষকদের।
