১৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৮:৩০
 
জিম্বাবুয়ের দেয়া ১৮১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে দলীয় ১৭ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সাকিব আল হাসান।
 
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৮০/৪।
 
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। মাশরাফি বিন মুর্তজার পঞ্চম বলে কাট করতে গিয়ে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন ভুসি সিবান্দা। এরপর মতুম্বামিকে সঙ্গে করে ৮০ রানের এক বড় জুটি গড়েন মাসাকাদজা। দলীয় ৮৪ রানের মাথায় মতুম্বামিকে ফেরান আবু হায়দার। এবার মাসাকাদজাকে সঙ্গ দেন ম্যালকম ওয়ালার। এই দুজনের মিলে গড়েন ৬১ রানের আরো একটি জুটি। এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ইয়র্কারে ম্যালকম ওয়ালারকে বোল্ড আউট করেন তিনি। তবে ততক্ষণে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় সফরকারীরা।