সীমান্ত থেকে ২৬ গরু-ছাগল ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮
কুড়িগ্রামের দুর্গম নুনখাওয়া চৌদ্দকুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশি কৃষকদের ২৩ টি গরু ও তিনটি ছাগল ধরে নিয়ে গেছে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি প্রতিবাদ জানিয়ে গবাদিপশুগুলো ফেরত চাওয়ার তিনদিনেও সাড়া দেয়নি বিএসএফ।
 
এ ঘটনায় উদ্বিগ্ন দরিদ্র সীমান্তবাসীরা গবাদি পশু ফেরত পাওয়ার আশায় প্রতিদিন বিজিবি ক্যাম্পে ধরণা দিচ্ছে।
 
নুনখাওয়া চৌদ্দকুড়ি সীমান্তবাসীরা জানায়, নুনখাওয়ার বালারহাট গ্রামের মজিবর রহমানের নয়টি গরু, মনছার আলীর চারটি গরু, জসিম মিয়ার তিনটি এবং ইউনুছ আলীর তিনটি ছাগলসহ ছয়জন বাংলাদেশির ২৩ টি গরু ও তিনটি ছাগল বুধবার ওই সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাঁধা ছিল। ঘাস খাওয়া অবস্থায় ওইদিন বিকালের দিকে ভারতের শিয়ালদহ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা আকষ্মিকভাবে গবাদিপশুগুলো ধরে ভারতে নিয়ে যায়। গ্রামবাসীরা বিষয়টি বিজিবির চৌদ্দঘুড়ি বিওপি ক্যাম্পে জানায়।
 
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাকির হোসেন জানান, ভারতের শিয়ালদহ ক্যাম্পের বিএসএফ গরু ও ছাগলগুলো নিয়ে গেছে। বিএসএফর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশিদের গরু ও ছাগল সন্ধ্যার দিকে ভারত সীমান্তের কাছাকাছি যায়। এ সময় এগুলোকে আটক করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়ে গবাদিপশুগলো ফেরত চেয়ে পত্র দেয়া হয়েছে। বিএসএফ এখন পর্যন্ত সাড়া দেয়নি। আমরা এগুলো ফেরত আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।