মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ চান না। কারণ এতে দেশে বিভক্তি সৃষ্টি হবে। এই প্রথম পেলোসি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ নিয়ে কথা বললেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন প্রকল্প নিয়ে তদন্ত করছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস। খবর রয়টার্সের
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাত্কারে শীর্ষ ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি বলেন, বাধ্য না হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করা উচিত হবে না। আমি এর পক্ষে নই। কারণ অপসারণ এতটা কঠিন পদক্ষেপ যা দেশের মধ্যে বড় ধরনের বিভক্তি সৃষ্টি করবে। আমি মনে করি, আমাদের এই পথে যাওয়ার প্রয়োজন নেই। পেলোসি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তিনি নৈতিক, স্বাস্থ্যগত এবং বুদ্ধিমত্তার দিক থেকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। এক সপ্তাহ আগে পেলোসির সাক্ষাত্কার গ্রহণ করে ওয়াশিংটন পোস্ট।
প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ সংক্রান্ত তদন্ত করছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা সেই বিষয়েও তদন্ত করছে কমিটি। কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিচার কাজে বাধা দিয়েছেন। তবে তাকে এত দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে উদারপন্থিরা ডেমোক্র্যাটদের ওপর চাপ সৃষ্টি করছেন। ধনকুবের টম স্টেয়ার ট্রাম্পকে অপসারণে সবাইকে ঐক্যবদ্ধ করতে কোটি কোটি ডলার খরচ করছেন। এদিকে নিউ ইয়র্ক টাইমস সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস ট্রাম্পের বিভিন্ন প্রকল্প নিয়ে তদন্ত করছে। বিশেষ করে ডয়চে ব্যাংক এবং ইনভেস্টর ব্যাংকের সঙ্গে ট্রাম্পের বিভিন্ন প্রকল্পের সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
