ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং ডাকসু’র ফল অস্বাভাবিক :রিজভী

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-(ডাকসু) নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’ উল্লেখ করে এই ফলাফলকে ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংগঠনের যে নির্বাচনগুলো হয়, তাদের ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে যে, ছাত্রলীগের যিনি ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের যিনি ভিপি-জিএস এর মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। ফুলার রোডে ভাইস চ্যান্সেলরের বাসভবনে কোনো কারিগরি হয়েছে কিনা এটা বলা যাবে দুই-একদিন পর। রিজভী বেগম খালেদা জিয়াকে উপযুক্ত চিকিত্সা দেওয়ারও দাবি জানান। 

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাহিদা রফিক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।