মিসেস দিপালী বিশ্বাস
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম খেলোয়াড়, জাতীয় দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাসের মা মিসেস দিপালী বিশ্বাস গত শনিবার সকালে ময়মনসিংহস্থ নিজ বাসভবনে সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে পরলোকগমন করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সকল কর্মকর্তা, উপদেষ্টা ও সদস্য গভীর শোক প্রকাশ করেন। সেইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফকির মফিজুল হক
নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক (৭২) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে যান। আজ সোমবার সকাল ৯টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে লোহাগড়া বাজারের গোরস্থানে তাকে দাফন করা হবে।
সুধাংশু রঞ্জন শীল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পত্রিকার এজেন্ট সুধাংশু রঞ্জন শীল (৫৬) গত রবিবার বিকালে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
আব্দুল খালেক
ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক আব্দুল খালেক (৭১) সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে----রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ পুত্র ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৯৯৮ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি নিজ গ্রাম ঈশ্বরগঞ্জ উপজেলার পাইভাকুরিতে প্রতিষ্ঠা করেন আব্দুল খালেক-মাকসুদা উচ্চ বিদ্যালয়। সোমবার বিকাল ৫টায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
