সাঁথিয়ায় নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৫:০৫
পাবনার সাঁথিয়া থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর ২ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ। এ সময় ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়।  
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি মুন্নীর স্বামী উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ধাতালপুর গ্রামের বাগার ছেলে সিএনজি চালক মনিরুল (২২) বেড়ানোর কথা বলে বান্ধবীসহ দুইজনকে উপজেলার কাশিনাথপুর নিয়ে যায়। সেখানে তার ৩ সহযোগী আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের রওশন আলীর ছেলে মোমিন (৩০), একই গ্রামের শামসুল হকের ছেলে আনোয়ার (৩৭) এবং দুর্গাপুর গ্রামের মৃত হাজী মোকছেদ শেখের ছেলে শাহজাহানের (৪৩) কাছে হস্তান্তর করে কৌশলে সটকে পড়ে। তিন পাচারকারী দুই স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে পাচারের উদ্দেশ্যে এক বাসা বাড়িতে আটকে রাখে। 
 
অপহৃত ছাত্রী মুন্নী জানান, তার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। তার স্বামী মাঝে মধ্যে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতেন। 
 
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মোবাইল ফোনের কল লিস্ট ট্রেকিং করে তাদের অবস্থান সনাক্ত করা হয়। শুক্রবার সাঁথিয়া থানার এস আই রজব আলী সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় জিরাবো এলাকা থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করে। ৩ পাচারকারীকে গ্রেফতার করে সাঁথিয়া থানায় নিয়ে যায়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।