সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার।
আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান। পরে লাশ দেশে ফিরিয়ে এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপির উদ্যোগে রবিবার বাদ আসর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে কোকোর স্মরণে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
