সম্প্রতি ফরিদপুরের দুইটি স্কুলে ছাত্রীরা গণ হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনাকে কেন্দ্র করে ৫৭ টি উচ্চ বিদ্যালয়ে দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনদীপ ঘরাই জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের এক শ তিনজন শিক্ষার্থী স্কুল চলাকালীন গণ হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়। তাদের প্রত্যেককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি জানতে পেরে রোগের কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি করে প্রশাসন। কমিটির সদস্যরা আক্রান্ত কয়েকজন শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং ওই দুটি স্কুল পরিদর্শন করেন। কিন্তু এখন পর্যন্ত রোগের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। তাই আর কোনো শিক্ষার্থী যাতে আক্রান্ত না হয় সেই সতর্কতা থেকে শনিবার জেলা সদরের মোট ৫৭ টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক গণপতি বিশ্বাস শুভ জানান, এটা গণ মনস্তাত্ত্বিক রোগ বলে মনে হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ রোগে আক্রান্ত হচ্ছে। তাদের বেশির ভাগ ছাত্রী।
মেডিসিন বিভাগের প্রধান ডা. ইউসুফ আলী জানান, শ্বাসকষ্টের মাধ্যমে এ রোগের উপসর্গ শুরু হয়। এরপর আরেকজনও একই সমস্যায় ভোগে। এভাবে এ উপসর্গ পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে শিক্ষার্থীদের শরীরে স্যালাইন ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
এই রোগ গুরতর কিছু নয় উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আরো পর্যবেক্ষণ ও সতর্কতার জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ও রবিবার দুদিন স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকবে।
