রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৪২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ওই প্রার্থী দাবি করেছেন। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ঘটে এ হামলার ঘটনা।

আহত ইউসুফ চৌধুরী বরাব এলাকার ইব্রাহীম খলিলের ছেলে। এছাড়া তিনি উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

আহত ইউসুফ চৌধুরী জানান, তিনি উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে বরাব এলাকার জনৈক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ইউসুফ চৌধুরীকে দেখা করার কথা বলে। সরল বিশ্বাসে তিনিও দেখা করতে যান তাদের সঙ্গে। রাত ১০টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, রডসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়। এ সময় ইউসুফ চৌধুরী হুমকির প্রতিবাদ করেন। এক পর্যায়ে কোনো কিছু বোঝার আগেই সন্ত্রাসীরা ইউসুফ চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।