টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। খবর বাসস।
আকাশ অস্থায়ীভাগে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৪২ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টায় অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এ মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
