তথ্য-প্রযুক্তিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে:পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০০:৩৪

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তথ্য-প্রযুক্তি খাত নিয়ে আমাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এছাড়া নতুন প্রজন্মের জন্য প্রথাগত শিক্ষার বাইরে দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন।

‘চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক এ সংলাপের যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংলাপে মূল বক্তব্য রাখেন ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সমীর শরণ।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রযুক্তিখাত বিকাশে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। এটা শুধু সরকারের একার বিষয় নয়। সমীর শরণ বলেন, প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তাদের সামাজিক নিরাপত্তা দিতে হবে। কীভাবে সেটি সম্ভব তা সরকারকে খুঁজে বের করতে হবে।

সংলাপে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির, বিশ্ব অর্থনৈতিক ফোরামের দক্ষিণ এশিয়া প্রধান এস তানজিম ইসলাম, অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ফেলো তেরি চ্যাপমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, পাঠাও’র ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান, প্যাসিফিক জিন্সের পরিচালক এস এম তানভীর প্রমুখ।