নিকারাগুয়ার একটি দ্বীপের কাছে নৌকাডুবে কোস্টারিকার ১৩ জন পর্যটক নিহত হয়েছেন। ক্যারিবীয় সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও দক্ষিণ আমেরিকার ৩২ জন পর্যটক ছিলেন। খবর- এএফপির
নিকারাগুয়া সরকারের মুখপাত্র ও ফার্স্ট লেডি রোজারিও মুরিল্লো জানিয়েছেন, নৌকায় থাকা ৩২ জনের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই কোস্টারিকার নাগরিক। তিনি আরো জানান, বেঁচে যাওয়াদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিগ কর্ন আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।
নিকারাগুয়ার নৌবাহিনীর বরাত দিয়ে মুরিল্লো জানিয়েছে, ওই পর্যটকদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কর্ন আইল্যান্ড থেকে ফিরে যেতে নিষেধ করা হলেও তারা তা অমান্য করে নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
বিগ কর্ন আইল্যান্ড ও লিটল কর্ন আইল্যান্ড নিয়ে গঠিত কর্ন আইল্যান্ড নিকারাগুয়া মূল ভূখণ্ড থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
