রাজশাহীতে চার দিনব্যাপী শিল্পকর্মের প্রদর্শনী সোমবার থেকে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৮:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগ ও রাজশাহী আর্ট কলেজের একদল তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘প্রথম চোরকুঠুরী শিল্পকর্ম প্রদর্শনী’।
 
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবির উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন।
 
সোমবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে।
 
১০ তরুণ শিল্পীর অন্তত ৫৪ টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। এগুলোর মধ্যে চিত্রকর্ম ৪১ টি, ভাস্কর্য নয়টি ও আলোকচিত্র রয়েছে ছয়টি।
 
চোর কুঠুরী আর্ট গ্রুপের আহ্বায়ক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক নারগিস পারভীন সোমা জানান, এ জেলায় প্রথমবারের মতো বিশাল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী। এরই মধ্যে সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিটি শিল্পকর্মে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।