প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাগরিক হিসেবে বিশ্বের সঙ্গে সমমর্যাদা দিতে চাইলে সুশিক্ষিত করে তুলতে হবে। প্রাথমিক স্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করা গেলে উচ্চশিক্ষাও মানসম্মত হবে।
রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একশন এইড, আইএইচডির যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে অধিকার প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত অর্থায়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ও শিক্ষকদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এদেশের মানুষের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তারা সন্তানদের সুশিক্ষিত ও দক্ষ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। শিক্ষকরা দায়িত্বশীল হয়ে পাঠদানে মনোযোগী হলে দেশ শিক্ষিত হয়ে উঠবে বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এর আগে প্রতিবেদন ও অ্যাডভোকেসি টুলকিট এর সংক্ষিপ্তসার উপস্থাপন করেন আইএইচডির ট্রেজারার অধ্যক্ষ নুরুন নবী সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য ও আইএইচডির চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অধ্যক্ষ আসাদুল হক চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
