উত্তরায় রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৯:১৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রবিবার উত্তরার মডেল টাউনের পশ্চিম থানা এলাকায় কয়েকটি অবৈধ বহুতল ভবন (মার্কেট) ভেঙ্গে দিয়েছে।
 
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান সকাল ১০টায় শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে।
 
ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ চৌধুরী জানান, রাজউকের চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার রাজলক্ষ্মী মার্কেট থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রাজলক্ষ্মী মার্কেট, আমির কমপপ্লক্স, রাজউক কমার্শিয়াল মার্কেট, হোসেন টাওয়ার, পার্টস মার্কেট ও এসআর টাওয়ারের নিচ তলার বেইজমেন্ট ভেঙ্গে দেয়া হয়।
 
রাজউক সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উত্তরার নামিদামী মার্কেটের নিচ তলায় গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় রাজউক এ সব বেইজমেন্ট ভেঙ্গে দেয়। উচেছদের পূর্বে রাজউক কর্তৃপক্ষ মার্কেট মালিকদের উচ্ছেদ প্রসঙ্গে নোটিশ প্রদান করে।
 
উচেছদ অভিযানে অন্যান্যদের মধ্যে রাজউকের অর্থারাইজড অফিসার মো. মিজানুর রহমান, বিপুল সংখ্যক পুলিশ, রাজউক কর্মকর্তা ও অর্ধশত লাঠিয়াল বাহিনীর সদস্য অংশ নেয়।