মানুষ হানাহানির রাজনীতি পছন্দ করে না : আশরাফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৯:৩৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মানুষ হানাহানির রাজনীতি পছন্দ করে। আর অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সাহায্য করতে হবে।
 
রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোন সেশন জট নেই এবং ক্যাম্পাসে আর গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায় না।
 
ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষাঙ্গনের এ পরিবেশ ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষ হানাহানির রাজনীতি পছন্দ করে না। আর অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও শিক্ষার সুন্দর এ পরিবেশ বজায় রাখার জন্য সাহায্য করতে হবে।
 
সৈয়দ আশরাফ বলেন, দেশের শিক্ষাঙ্গনগুলোর এ পরিবর্তন ছাত্রলীগের সবচেয়ে বড় সাফল্য। আর এ সাফল্যের জন্যই নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ ও পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের জন্য শিক্ষাঙ্গনের এ পরিবর্তন সম্ভব হয়েছে। আর কেউ যাতে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট  করতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকা পালন করতে হবে।
 
আশরাফ আরো বলেন, ছাত্রলীগের জম্ম না হলে রাষ্ট্রভাষা, গণতন্ত্র এবং স্বাধীনতা কোনটাই পাওয়া যেত কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। এটাই ছাত্রলীগের সবচেয়ে বড় গৌরবের বিষয়।
 
পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করা হয়।