রাবিতে পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগ ও রাজশাহী আর্ট কলেজের একদল তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী ‘প্রথম চোরকুঠুরি শিল্পকর্ম প্রদর্শনী’শুরু হয়েছে।
 
সোমবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিসি) এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গোলাম ফারুক। শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে। যা সবার জন্য উন্মুক্ত।
 
প্রদর্শনীতে গ্রুপের ১০ শিল্পীর অর্ধশতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে চিত্রকর্ম ৪১ টি, ভাস্কর্য নয়টি ও আলোকচিত্র রয়েছে ছয়টি।
 
গ্রুপের আহ্বায়ক নারগিস পারভীন সোমা জানান, ঢাকার বাইরে এ ধরনের বিশাল আয়োজন এটাই প্রথম। প্রতিটি শিল্পকর্মে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অংগ্রহণকারী শিল্পীরা হলেন, নারগিস পারভীন সোমা, শরীফুল ইসলাম, রাশেদ মিলন, মাসুমা আকতার শিমুল, সামাউন হাসান, শান্তনু মণ্ডল, আশরাফুল হক রিপন, রাইহান উদ্দিন ফকির, জান্নাতুল ফেরদৌসী হিরা ও কেজে জুয়েল।
 
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, এনা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তহুরা হক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের সভাপতি আবদুর রশিদ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।