নিজের সুবিধামতো মোদি ভোটের সূচি তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি রাজ্যে যাতে মোদি যেতে পারেন তা নিশ্চিত করতেই ভোটের সময়সূচি এভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ মমতার।
মমতা মঙ্গলবার বলেন, আমরা বিজেপির প্রতিহিংসা দেখলাম। গুজরাট, কেরালা এবং তামিলনাড়ুতে একদিনে ভোট হচ্ছে। কয়েকটা রাজ্যে দু'দিনে ভোট হচ্ছে। আর আমাদের এখানে দু'মাস ধরে ভোট হবে। এমন ভোটের সূচি তৈরির নেপথ্যে যুক্তি কী?
এদিন তিনি আরও একবার বলেন, লোকসভা ভোটের আগে আবার স্ট্রাইক করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এছাড়া ‘কালো টাকা আনতে না পারা বা কর্ম সসংস্থান দিতে ব্যর্থ হওয়ার' মতো বিষয়কে হাতিয়ার করেও মোদিকে আক্রমণ করেন মমতা।
তিনি বলেন, এবারের লোকসভা ভোটের লড়াই ঐক্যবদ্ধ ভারতের সঙ্গে এমন এক ভারতের যারা দেশকে সমস্ত কিছুর থেকে আলাদা করে দিতে চাইছে। মোদি যাতে ক্ষমতার বাইরে যায় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নতুন সরকারের দায়িত্ব হবে কাজের সুযোগ তৈরি করা।
আরো পড়ুন: সৌদি যুবরাজের ‘রহস্যজনক’ মৃত্যু
গত ১০ মার্চ ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। এবারে ভারতে মোট ৭ দফায় লোকসভা নির্বাচন হবে। ১১ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।
ইত্তেফাক/এসআর
