যুদ্ধাপরাধ মামলার আসামি এমদাদের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১১:২৫
 
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৮০) মারা গেছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, গত ৭ জানুয়ারি থেকে কারা তত্ত্বাবধানে এমদাদুল চিকিত্সাধীন ছিলেন।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, এমদাদুল ব্রংকিনাল নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
 
একাত্তরে যুদ্ধাপরাধের এক মামলায় চলতি মাসের শুরুতে এমদাদুলের বিরুদ্ধে গ্রেফতারি রোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর গত ৬ জানুয়ারি পুলিশ ঢাকার কাফরুল থেকে তাকে গ্রেফতার করে।