রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় আহত নাজমুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের জয়নাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাত নয়টায় নাজমুল হাতিরঝিলে মোটর সাইকেল চালাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তখন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছিলো। এ ব্যাপারে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে থানায়।
