প্রধানমন্ত্রীর প্রতি জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের কৃতজ্ঞতা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:২৪
 
নিম্ন আদালতের বিচারকদের জন্য জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশকৃত বেতন স্কেল সরকার কর্তৃক গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।
 
মঙ্গলবার নিম্ন আদালতের বিচারকদের এই সংগঠনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান ও মহাসচিব আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা ধানমন্ডিস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আইনমন্ত্রী আনিসুল হক এমপি যে যথাযথ ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন সে কারণে নিম্ন আদালতের সকল বিচারক তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একইসঙ্গে পে-স্কেল বাস্তবায়নের নিমিত্তে গঠিত মন্ত্রিসভা কমিটির সকল সদস্যগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।
 
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মাসদার হোসেন বনাম রাষ্ট্র মামলাকে উদ্ধৃত করে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এসোসিয়েশন জানতে পেরেছে যে একটি কুচক্রী মহল এই মামলার নাম ভাঙ্গিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন দাখিল করেছে। এই আবেদনের সঙ্গে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্যদের কোন সম্পৃক্ততা নেই। অধিকন্তু এসোসিয়েশনের কোন সম্পর্ক নেই গণমাধ্যমের বক্তব্যের সঙ্গেও। বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা ও বিচারালয় সংক্রান্ত সকল বিষয় চাহিদামত পূরণ করায় উক্ত মামলার রায় কার্যকর হয়েছে বলে এসোসিয়েশন মনে করে। এছাড়া উপরোক্ত কারণে এসোসিয়েশন এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে।