গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ইয়াদুল ইসলাম (৫০) নামের এ গরু চোর। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে করমদি গ্রামের গোসাই ডুবি পাড়ায় এ পিটুনির ঘটনা ঘটে। আহত ইয়াদুল ইসলাম গাংনী উপজেলার কল্যাণপুর কালিতলাপাড়া এলাকার ওহিল উদ্দীনের ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, করমদী গোসাইডুবি পাড়া এলাকার শুকুর আলীর বাড়িতে গরু চুরি করতে যান চোর ইয়াদুল ইসলাম ও তার সঙ্গীরা। এ সময় সে বাড়ির ২৫ টি কবুতর চুরি করে। পরে গরু চুরির সময় গৃহকর্তা টের পায়। গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ইয়াদুল ইসলামকে ধরে ফেললেও তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে শেষে স্থানীয় পুলিশে সোপর্দ করে। আহত অবস্থায় ইয়াদুলকে পুলিশ প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে এক সপ্তাহের মধ্যে গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের কৃষক জিনারুল ইসলামের একটি ও আব্দুল মালেকের একটি, বেতবাড়িয়া গ্রামের আক্কাছ আলীর একটি, সহড়াতলা গ্রামের রহমত আলীর একটিসহ ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকরা।
