ফুলবাড়িতে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪
 
দিনাজপুরের ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব বাজিতপুর নামক স্থানে নির্মাণাধীন ব্রিজের ব্যারিকেড ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে ২২ জন যাত্রী আহত  হয়েছেন। বুধবার ভোর ছয়টায় এই ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে মজনু মিয়া (৫৬) ও বাবুল শেখের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
প্রত্যক্ষদর্শীর জানান, নির্মাণাধীন ব্রিজের নিচে ঢাকা থেকে দিনাজপুরগামী কেয়া পরিবহনের বাসটি আকস্মিকভাবে নির্মাণাধীন ব্রিজের ব্যারিকেড ভেঙে খাদে পড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এস আহত যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে মজনু মিয়া ও বাবুল শেখ নামের দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনটি ঘটেছে।
 
IMG0
 
নির্মাণাধীন ব্রিজের ঠিকাদারের পাহারাদার তোতা মিয়া বলেন, বাসটি ব্যারিকেড ভেঙে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এ সময় বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার সময় চালক ও হেলপার পালিয়ে যায়। তবে মজনু মিয়া ও বাবুল শেখ নামের দুই যাত্রী কোচ থেকে খাদে লাফ দেয়ায় গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলে কেউ মারা যায়নি।
 
ফুলবাড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করা হয়।
 
থানার এএসআই সাদেকুল জামান বলেন, বাসের চালক ও হেলপারের খোঁজ খবর নেয়া হচ্ছে।
 
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন ব্রিজের উভয় পার্শ্তে বড় ধরনের ইটপাথরসহ বাঁশ খুঁটি দিয়ে ব্যারিকেড দেয়ার পাশাপাশি রাতভর হ্যারিকেন জ্বালিয়ে আলো দিয়ে বিপদ সংকেত দেখানো হচ্ছে। চালক ঘুমিয়ে থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।