রাশিয়ায় গত এক মাসে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়েছে গত এক সপ্তাহে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদফতরকে সতর্ক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ার শিল্পনগরী ভলগোগ্রাদে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকার অন্তত ৫০টি স্কুলে সঙ্গরোধ সতর্কতা (ফ্লু-আক্রান্তদের সঙ্গে অন্যদের মেলামেশা বন্ধ) জারি করা হয়েছে।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে সেন্ট পিটার্সবার্গে পাঁচজন, দাগেস্তানে এক শিশুসহ পাঁচজন, রাজধানী মস্কোতে একজন এবং ইয়েকাতেরিনবাগে দু’জন ও আদিজিয়াতে একজন মারা গেছে। এ ছাড়া রাশিয়ার আরও বিভিন্ন অঞ্চল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। দ্রুত এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা ও আলস্য, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। সূত্র: এএফপি
