ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। ক্ষমতায় থেকে জনগণের উন্নয়নে কাজ করাই গণতন্ত্রের মূল লক্ষ্য।
বুধবার বিকাল ৩টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ বারী সম্মেলনকক্ষে আয়োজিত ভূমি জোনিং বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কফিল উদ্দিন (অতিরিক্ত সচিব), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম মামুনুর রশীদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন, কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আব্দুল ওহাব প্রমুখ।
মন্ত্রী বলেন, ৭৫ এর পর বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়ে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুচ্ছিল। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ ও দেশ উপকৃত হয়েছে। যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দল বর্তমানে ক্ষমতাসীন। প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণেই জনগণ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছে।
