সুন্দরগঞ্জে নির্বাহী অফিসারের ব্যবহৃত গাড়ির সঙ্গে নৈশ্য কোচের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউএনও’র ব্যবহৃত সরকারি পাজেরো (গাইবান্ধা-ঘ ১১-০০১৫) গাড়িতে কয়েকজন স্টাফ জেলা শহরে চলমান ডিজিটাল মেলায় অংশ নিতে রওনা দিলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডোমেরহাটে বিপরীত দিক থেকে আসা জান্নাত এন্টারপ্রাইজ নামক নৈশ্য কোচের (ঢাকা মেট্রো-চ ৫১-৫৯৫৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সরকারি গাড়িটির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালকসহ ৪জন আহত হয়।
আহতরা হলেন- চালক এরসাদুল হক, ইউএনও অফিসের টেকনিশিয়ান মাসুদা বেগম, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি আয়শা বেগম ও পৌরসভার তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব। এদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৈশ্য কোচের চালক, হেলপার পালাতে সক্ষম হলেও পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ি দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
