টেক্সাসে প্রহরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৪:৫৬
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নয় বছর আগে এক প্রহরীকে হত্যার দায়ে জেমস ফ্রিম্যান নামের ওই ব্যক্তিকে দেয়া মৃত্যুদ-ের রায়টি কার্যকর করা হল।
 
 
চলতি বছর য্ক্তুরাষ্ট্রে ফ্রিম্যানকে নিয়ে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। টেক্সাসে এই নিয়ে মাত্র ৮ দিনে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  স্থানীয় এক কারা কর্মকর্তা বলেন, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়  তাকে মৃত ঘোষণা করা হয়। ২০০৭ সালের মার্চ মাসের এক রাতে ফ্রিম্যান তার পিকআপে করে সংরক্ষিত একটি এলাকায় প্রবেশ করেন। সেখানে রাস্তা থেকে গুলি করা নিষিদ্ধ। 
 
একজন প্রহরী ফ্রিম্যানের গাড়ি থেকে চালানো গুলির আওয়াজ শুনতে পেয়ে অ্যালার্ম বাজায়। এরপর ওই প্রহরী, পুলিশ ও শেরিফের অফিসের কয়েকজন সদস্য ফ্রিম্যানের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে তাদের সঙ্গে ফ্রিম্যানের গুলি বিনিময় হয়। এতে জাস্টিন হার্স্ট (৩৪) নামের এক অনুসরণকারী গুরুতর আহত হয়। পরে সে মারা যায়। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ১৯৯১ সালে সর্বশেষ এই সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।